গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে সুমন মিয়া (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে আক্তার স্পিনিং মিলের কাছাকাছি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে ২ থেকে ৩ জন দুর্বৃত্ত যাত্রী সেজে সুমনের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে। পরে তারা অটোরিকশাটি কালামপুর এলাকায় আক্তার স্পিনিং মিলের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে চালক সুমনকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অটোরিকশাটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশাটি থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

