নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন একটি দ্বিতল বিআরটিসি বাস সংযোজন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে নতুন বাসটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, প্রকৌশলী মো. মাসুদ তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে বিআরটিসির নতুন দ্বিতল বাস সংযোজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নতুন এই বাস সংযোজনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যমান পরিবহন সংকট অনেকটা লাঘব হবে। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরের বিভিন্ন স্থানে আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

