বাংলাদেশ আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান ফিরে পাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, কিছুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাকে বলেছেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল। এখন সেই বাংলাদেশ আবার ফিরে আসছে। এতে তারা অত্যন্ত আনন্দিত।
ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আমাদের উপলব্ধি করিয়ে দেয় যে, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশকে আর কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া।
তিনি বলেন, শুরু থেকেই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ ফার্স্ট’। বাংলাদেশকে আর কোনোভাবেই পরনির্ভরশীল অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের সবার দায়িত্ব রয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনের অর্জন ও সাফল্য ধরে রাখার দায়িত্বও জনগণের।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত বছরের আগস্টের শুরুতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ওই সময় জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কর্মরত তার সাবেক কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। বাংলাদেশে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নীরব থাকা উচিত নয় বলে তিনি তাদের কাছে মত তুলে ধরেন।
ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পর কিছু ক্ষেত্রে গুলিবর্ষণ বন্ধ হতে দেখা যায়। তার ধারণা, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করতেও আন্তর্জাতিক উদ্যোগের ভূমিকা ছিল।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিত।

