ফরিদপুরের সালথায় বহুল আলোচিত লিচুবাগান মালিক আজিজুর হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল মুন্সী (২৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা শাকিলকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে র্যাব-১০-এর সহযোগিতায় গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শাকিল মুন্সী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন পালিয়ে থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সহযোগিতায় ঢাকার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এক নম্বর আসামি শাকিল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুরের লিচুবাগানে পাহারা দেওয়ার জন্য নির্মিত টংঘরে নিয়মিত মাদক সেবন করতেন শাকিল মুন্সী ও তার সহযোগীরা। তারা বাগান থেকে জোর করে লিচু পেড়ে নিয়ে যেতেন বলেও অভিযোগ রয়েছে।
গত ১৩ মে বিকেলে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লা তাদের এ কর্মকাণ্ডে বাধা দিলে শাকিল ও তার সহযোগীরা তাকে মারধর করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার জের ধরে পরবর্তী সময়ে বাগান মালিক আজিজুরের ওপরও হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত আজিজুরকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আজিজুরের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাকিল মুন্সীকে এক নম্বর আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
শাকিলের গ্রেপ্তারের মধ্য দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামিকে আইনের আওতায় আনা হলো। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

