ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো ২০২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বাংলাদেশের ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।
গ্রিসের দক্ষিণাঞ্চলের ক্রিট দ্বীপে নৌকায় করে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের আগমন অব্যাহত রয়েছে। দেশটির সংবাদপত্র দেমোক্রাতিয়ার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে একের পর এক নৌযাত্রায় অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছান।
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। এর আগে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ নৌকাটিকে শনাক্ত করে।
পরে গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়।
এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী সেখানে পৌঁছান। প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং ৯ জন মিসরের নাগরিক।
উদ্ধার হওয়া সব অভিবাসনপ্রত্যাশীকে স্থানীয় হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়শিবিরে রাখা হয়েছে। ক্রিটে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বাড়তে থাকায় স্থানীয় কর্তৃপক্ষ ও আশ্রয়কেন্দ্রগুলোর ওপর চাপও বাড়ছে।

