নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী মিনি ট্রাকের (শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি গরুবাহী মিনি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মিনি ট্রাকের এক শ্রমিক নিহত হন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহত দুজনই মিনি ট্রাকের শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

