ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফেসবুকে ধারাবাহিক হুমকি, উসকানিমূলক বক্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ তুলে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান। শনিবার (৮ আগস্ট) তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইবি শাখার সহ-সভাপতি মাসুদ রানার বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুয়াদ হাসানের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে লক্ষ্য করে ফেসবুকে উসকানিমূলক ও হুমকিমূলক পোস্ট করা হয়। এসব পোস্টে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্যও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ফুয়াদ হাসান অভিযোগ করেন, পোস্ট ও মন্তব্যে ব্যবহৃত ভাষা তার প্রতি সরাসরি ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি দ্রুত তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে।

