বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে ঘেরের মালিক ও কথিত মূলহোতা সৈকত পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) গভীর রাতে সাপানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন নগরের কাউনিয়া থানার পোল এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান এবং ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের খলিল মৃধার ছেলে আব্দুর রহমান।
পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি ধারালো ছোরা, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা অস্ত্রের সংখ্যা ১৪টি।
একই স্থানে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, আটক দুই তরুণ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ নাথ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় অস্ত্রসহ মেহেদী হাসান ও আব্দুর রহমানকে আটক করা গেলেও সৈকত পালিয়ে যান। তাকে এ ঘটনায় মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ওসি আরও বলেন, সৈকতকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সেখানে কেন রাখা হয়েছিল এবং কোনো অপরাধ সংঘটনের প্রস্তুতি হিসেবে এগুলো মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অস্ত্রগুলোর উৎস ও মজুতের উদ্দেশ্যও তদন্ত করা হচ্ছে।

