টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে ধনবাড়ী বাসস্টেশনে বাংলাদেশ ট্রাক মালিক সমিতির দ্বিতীয় তলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন আলহাজ্ব আব্দুল বারী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু এবং ধনবাড়ী উপজেলা ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিনসহ সংশ্লিষ্টরা।
নির্বাচনে সংগঠনের সদস্যরা সরাসরি ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পান। ভোটাররা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থীরাও সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ফলাফল নিয়ে তারা আশাবাদী।
নির্বাচনকে ঘিরে কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পোলিং এজেন্টরা জানান, দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোটের আয়োজন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধনবাড়ী থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ভোটগ্রহণ চলাকালে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে এবং পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণাকে ঘিরেও প্রার্থী, সমর্থক ও সাধারণ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে এবং চালকদের ন্যায্য অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

