পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে তিনি কর্মস্থলে অবস্থান করছিলেন। একপর্যায়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

