টাঙ্গাইলের মধুপুরে ‘জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় মধুপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভার আয়োজন করে। সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সনাক, তরুণদের দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), উপজেলা যুব উন্নয়ন কার্যালয়, ওয়াইএমসি ও মধুপুর কলেজের শিক্ষার্থীসহ অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
মধুপুর সনাকের সভাপতি মো. বজলুর রশিদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। যুগে যুগে তরুণরাই ইতিহাস সৃষ্টি করেছে। তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলে একটি দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ মানুষের নানা কর্মকাণ্ড ও পরিবেশের প্রতি অবহেলা। প্রকৃতি রক্ষায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একটি গাছ কাটার পরিবর্তে ১০টি গাছ লাগানোর মতো উদ্যোগ ও প্রতিশ্রুতি নিয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, যুবসমাজের উন্নয়নে টিআইবির উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুবসমাজকে কার্যকর শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রংয়ের সঞ্চালনায় আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, দুর্নীতিবিরোধী কার্যক্রম এবং টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন সনাক সদস্য মো. সানোয়ার হোসেন, মো. লিটন সরকার, ভারপ্রাপ্ত ইয়েস দলনেতা আফজাল হোসেন এবং ইয়েসের সহ-দলনেতা ইসরাত জাহান এলমাসহ অন্যরা।
বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

