চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলসংলগ্ন পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যান।
খবর পেয়ে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে চুয়েটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই পানিতে ডুবে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহা নিহত হন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

