সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জনে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭৪ জন। আর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯০৮ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ৭৯১ জন শিশুর প্রাণহানি ঘটেছে। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি। যদিও গত পাঁচ মাসে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে সর্বমোট ৯৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশের এই পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় হামের টিকা গ্রহণ এবং উপসর্গ দেখামাত্রই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

