নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এ পর্যায়ের শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি নারী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া দরিদ্র পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবছর স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিবছর নতুন বই ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নারীদের স্বাবলম্বী করার প্রসঙ্গে তিনি জানান, পরিবার পরিচালনায় ভূমিকা রাখা নারীদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

