সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন স্ত্রীর দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ রায়।
আইনজীবী সূত্রে জানা যায়, স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় এবং পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, স্ত্রীর দায়ের করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এছাড়া ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে আসার ঘটনায় তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আরেকটি মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে ২৯ জুলাই আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

