নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৪টি বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করা হবে।
বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপি রঙের বাসগুলো ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পৃথক রুটে চলাচল করবে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, এসব বাসের জন্য শতাধিক স্থানে কাউন্টার স্থাপন করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে এসব বাসে যাতায়াত করতে পারবেন।

