‘নূরানী স্কলারশিপ-২০২৬’ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টায় ভূঞাপুর শহরের জাফরান রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই সভা আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শেখ মাহদী হাসান শিবলী এবং পরিচালনা করেন অর্থ সম্পাদক মুফতি আব্দুর রশিদ।
সভায় উপস্থিত বক্তারা নূরানী স্কলারশিপের সার্বিক আয়োজন, পরীক্ষা পরিচালনা, বিভিন্ন উপজেলায় দায়িত্ব বণ্টন ও প্রস্তুতি মূলক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি রবিউল ইসলাম, ঘাটাইল উপজেলা জিম্মাদার মুফতি জুবায়ের মাহমুদ, কালিহাতী উপজেলা জিম্মাদার মাওলানা আলামিন, সরিষাবাড়ী উপজেলা জিম্মাদার এইচ. এম. সাজ্জাদ হোসাইন এবং ভূঞাপুর উপজেলা জিম্মাদার হাফেজ মেহেদী হাসান মিরাজ। বক্তারা বৃত্তি পরীক্ষাটি সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল দায়িত্বশীলদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

