ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) ধর্মতত্ত্ব অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ক্যাম্পাসে রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, দীর্ঘদিন যারা অন্যায়-অত্যাচার করেছেন, তাদের দ্রুত গ্রেপ্তার ও চাকরিচ্যুত করতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতির কোনো স্থান হবে না।

