রাঙামাটিতে ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে পরিচালিত রাঙামাটি শহরের রিজার্ভবাজার, শহীদ মিনার, মাঝেরবস্তি ও তবলছড়ি এলাকায় পরিচালিত সন্ত্রাস দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদকের অপরাধে মোর্শেদ আলম (২৮), নুর হোসেন (২১), এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), নাহিদ হাসান সজিব প্রধান (২৯), সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), ওমর ফারুক (৪৩), সাইদুল ইসলাম (৪০), মেহেদী (৩০) ও সাগরকে এবং ডিএসবি কলোনি ও মাঝের বস্তি এলাকা থেকে সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরাকে (২৪) গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশকে (১৯) গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের সবাইেেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

