আইফোনের কিস্তির (ইএমআই) টাকা পরিশোধকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্র্যাজেডি ঘটেছে। বাবার সঙ্গে বাকবিতণ্ডার পর পাহাড় থেকে লাফ দেওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে এবং চোখের সামনে স্বামী-সন্তানকে তলিয়ে যেতে দেখে ঝাঁপ দেন মা-ও। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার তিসগাঁও এলাকার একটি পাহাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তরুণের নাম কুনাল। তিনি সম্প্রতি একটি আইফোন কিনেছিলেন। মোবাইলটির কিস্তির টাকা দেওয়ার জন্য তিনি পরিবারের কাছে চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন সকালে কিস্তির টাকা নিয়ে বাবা মুরলিধর চন্দগুড়ের সঙ্গে কুনালের তীব্র কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে কুনাল তিসগাঁও এলাকার এক পাহাড়ে চলে যান এবং সেখান থেকে লাফ দেওয়ার হুমকি দেন। খবর পেয়ে কুনালের বাবা ও মা সঙ্গীতা চন্দগুড়ে স্থানীয়দের নিয়ে সেখানে ছুটে যান এবং কুনালকে প্রায় তিন ঘণ্টা ধরে বুঝিয়ে পাহাড় থেকে নামিয়ে আনার আকুল চেষ্টা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের নানা অনুরোধ ও আকুতি সত্ত্বেও কুনাল তার অনড় সিদ্ধান্তের কথা জানায়। দুপুর ১টার দিকে কুনালের বাবা তাঁকে টেনে নিরাপদে আনতে পাহাড়ের একদম কিনারায় যান। কিন্তু টানাটানির একপর্যায়ে দুজনই ভারসাম্য হারিয়ে পাহাড়ের খাড়া গহ্বরে নিচে পড়ে যান। চোখের সামনে স্বামী ও সন্তানকে পড়ে যেতে দেখে মানসিক আঘাত সামলাতে না পেরে মুহূর্তের মধ্যেই কুনালের মা সঙ্গীতাও পাহাড় থেকে নিচে ঝাঁপ দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

