রাঙামাটি শহরের একটি আবাসিক হোটেল থেকে এম এ হোসাইন আশকারী (৫৯) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বড় ভাই এম হাসাইন মাশরিকীর সাথে বেড়াতে এসে শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের দোয়েল চত্বর সংলগ্ন হোটেল স্কয়ার থেকে রাঙামাটি জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আশকারী ফেনী সদর উপজেলার রামপুর সওদাগর বাড়ির আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের স্ত্রী ইসরাত পারভীনের দাবি, এটি একটি রহস্যজনক মৃত্যু। মুঠোফোনে তিনি জানান, তাঁর স্বামী ফেনী যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন, রাঙামাটি আসার কথা তিনি জানতেন না। এ ছাড়া পারিবারিক সম্পত্তিগত বিরোধের কারণে স্বামীর ব্যাংক অ্যাকাউন্টসহ সবকিছুই বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ছিল। তিনি আরও অভিযোগ করেন, মৃত্যুর খবর পেয়ে রাঙামাটি আসতে চাইলে বড় ভাই তাঁকে আসতে নিষেধ করেন।
অন্যদিকে নিহতের বড় ভাই হাসাইন মাশরিকী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, তিনি হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ উদঘাটন সম্ভব হবে।

