কুমিল্লার লালমাই পাহাড়ের রুক্ষ লাল মাটিতে অসম্ভবকে সম্ভব করে গড়ে তোলা হয়েছে এক নয়নাভিরাম চা-বাগান। কুমিল্লার বড় ধর্মপুর এলাকায় অবস্থিত ‘মজুমদার টি গার্ডেন’ যেন লালমাইয়ের চেনা চিত্রটাই বদলে দিয়েছে। পাহাড়ের ঢালু গায়ে সারিবদ্ধ বিটি-২ জাতের চা-গাছগুলো দূর থেকে দেখে মনে হয় নিপুণ শিল্পীর আঁকা সবুজ আলপনা।
কৃষিবিজ্ঞানীদের মতে, লালমাই পাহাড়ের লেটারাইট বা আয়রন অক্সাইড সমৃদ্ধ ‘টেরা রোসা’ (অম্লীয় মাটি) ও পাহাড়ের ঢালু অংশ চা-গাছ জন্মানোর জন্য অত্যন্ত উপযুক্ত। বৃষ্টিপাত কম হওয়ায় কৃত্রিম সেচব্যবস্থা প্রয়োগ করে এ বাগানের পরিচর্যা করা হচ্ছে। তরুণ উদ্যোক্তা মো: তারিকুল ইসলাম মজুমদারের দৃঢ় প্রচেষ্টায় গড়ে ওঠা এ বাগান থেকে বর্তমানে প্রতিবছর কয়েক হাজার কেজি চা পাতা সংগৃহীত হচ্ছে।
এ উদ্যোগ কেবল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও পর্যটন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উদ্যোক্তা ও স্থানীয়দের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক সেচসুবিধা নিশ্চিত করা গেলে লালমাই পাহাড়ের এ চা-বাগান জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

