রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাজেক-মাচালং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর থেকে কাঠবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২৪-৫৯৯৩) সাজেক পর্যটন এলাকায় নির্মাণাধীন ‘বলপেয়ে ইকো কটেজ’-এর জন্য কাঠ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক মো. কামরুল মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর জখম হন। স্থানীয়রা চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সড়ক থেকে কাঠ সরিয়ে নেওয়া হলে সাজেক-মাচালং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি অতিরিক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

