রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা গেছে, চিকিৎসকের পরামর্শে চোখ দেখাতে ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন তিনি। গাবতলী থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি।

