ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় সঙ্গীর সঙ্গে তীব্র কথাকাটাকাটির একপর্যায়ে একটি ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণী মারা গেছেন। নিহত তরুণীর নাম জননী, তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং ‘সোসিয়েতে জেনারেল’ নামের একটি সংস্থায় কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা মনিচাভেলু (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, নিহত জননী পুদুচেরির উলাইভাইক্কাল এলাকার বাসিন্দা এবং তিনি হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজি (পেইং গেস্ট)-তে থাকতেন। আহত মনিচাভেলুও পুদুচেরির বাসিন্দা এবং তিনি একটি সাপ্লাই ও ট্রান্সপোর্ট কোম্পানিতে কর্মরত।
প্রাথমিক তদন্ত ও পুলিশের বরাতে জানা গেছে, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারায় গিয়ে নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন। পুলিশের ধারণা, লাফ দেওয়ার সময় তিনি মনিচাভেলুকেও আঁকড়ে ধরে টেনে নিচে নিয়ে যান।
সপ্তম তলা থেকে পড়ে ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়। তবে মনিচাভেলু নিচে পড়ার সময় একটি গাছের ডালের ওপর গিয়ে পড়ায় তাঁর প্রাণ রক্ষা পায়। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হলে তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এনডিটিভির তথ্যানুযায়ী, ঘটনার কারণ ও পরিস্থিতির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

