ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করে রাখা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এক পরিবহন সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জুয়েল (২৮) ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহন’-এর সুপারভাইজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) টায়ার লিক হয়ে গেলে চালক মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে গাড়িটি দাঁড় করান। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বাম পাশে ইঞ্জিনের কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান।
ঘটনায় আহত অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

