মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিরুদ্ধে ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনাও বাজারে প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকি বা ‘ঝুঁকি প্রিমিয়াম’ যোগ করছেন। ফলে আগের অধিবেশনেই ব্রেন্ট ক্রুডের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহনে সম্ভাব্য বাধা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
সূত্র: আল জাজিরা

