ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় নয়ন হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত নয়ন হোসেন যশোরের শার্শা উপজেলার নাজির কয়ড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর ভোরে বেনাপোল থেকে আসা একটি মাইক্রোবাস ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পৌঁছালে তা তল্লাশি করে র্যাব-৮ এর একটি দল। তল্লাশিকালে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ নয়ন হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ওই দিনই র্যাব-৮ এর ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন কুমার বিশ্বাস নয়ন হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) চৌধুরী জাহিদ হাসান বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে মাদকের অপরাধ প্রবণতা কমে আসবে বলে আমরা মনে করি।

