বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সির নকশায় ব্যবহৃত বাংলা টাইপোগ্রাফি (অক্ষরশৈলী) কানাডিয়ান একটি অনলাইন ব্র্যান্ডের নকশার অনুকরণে তৈরি—এমন অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
জার্সি উন্মোচনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হোম কিট’-এ ব্যবহৃত বাংলা অক্ষরের মৌলিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, জার্সিতে ব্যবহৃত টাইপোগ্রাফিটি ‘TGOINBBGTY’ নামের একটি কানাডিয়ান অনলাইন ব্র্যান্ডের নিজস্ব নকশা।
তবে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘DOUR’ এ অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, জার্সির নকশাটি সম্পূর্ণ মৌলিক এবং তাদের নিজস্ব দলের তৈরি।
‘নিউ এজ’-কে দেওয়া বক্তব্যে DOUR-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী বলেন, ‘না, এখানে কোনো কিছুই নকল করা হয়নি। আমরা প্রায় ১ হাজার ৩০০টি নকশা পেয়েছিলাম। আমরা পাঁচ-ছয়টি ফন্ট বা অক্ষরশৈলী পরীক্ষা করে দেখেছি এবং সেগুলোকে এমব্রয়ডারি (সূচিকর্ম) করেছি, প্রিন্ট বা ছাপাই করিনি। এটি আমাদের নিজস্ব নকশা, নকল নয়।’
নতুন সাদা রঙের হোম জার্সিতে বাংলা অক্ষরের নকশা ব্যবহার করা হয়েছে। আয়োজকদের মতে, এর মাধ্যমে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় ফুটবল দলের জার্সিতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
জার্সিতে বাংলা অক্ষরের ব্যবহার জাতীয় দলকে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার লক্ষ্যেও করা হয়েছে। নকশাটি উন্মোচনের পরপরই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর নকশা ও সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করা হয়।

