তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউর্ফা প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে প্রদেশটির কারাকোপ্রু জেলায় ভূমিকম্পটি অনুভূত হয়। এতে শানলিউর্ফাসহ আশপাশের কয়েকটি প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (AFAD) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কারাকোপ্রু এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ দশমিক ৩৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শানলিউর্ফার গভর্নর হাসান সিলদাক আনাদোলু এজেন্সিকে জানান, প্রাথমিক মূল্যায়নে শহরে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট দলগুলো এলাকায় পরিদর্শন ও তদারকি চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পের পর কোথাও নতুন করে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানতে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

