মাত্র ১১ বছর বয়সেই চলমান এশিয়ান গেমসে সোনার পদক জিতে চমক দেখিয়েছেন জাপানের ইউকি কুরিহারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) পুয়ো পুয়ো চ্যাম্পিয়নসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০–২ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন তিনি।
ফাইনালের প্রথম গেমে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন কুরিহারা। তবে পরের গেম থেকেই ঘুরে দাঁড়িয়ে একের পর এক গেম জিতে শেষ পর্যন্ত ১০–২ ব্যবধানে জয় নিশ্চিত করেন ১১ বছর বয়সী এই জাপানি খেলোয়াড়।
এত অল্প বয়সে সাফল্য পেলেও জয়ের পর উচ্ছ্বাসে মাতেননি কুরিহারা। বরং কিছুটা লজ্জা পেয়েছিলেন বলে জানান তিনি। কুরিহারা বলেন, ‘সত্যি বলতে, আমি একটু লজ্জা পেয়েছিলাম। তাই ঠিকমতো অভিব্যক্তি প্রকাশ করতে পারিনি, মুখের ভাবও খুব একটা পরিবর্তন করতে পারিনি।’
তবে সোনার পদক হাতে পাওয়ার আনন্দ অবশ্যই লুকাতে পারেননি এই কিশোর খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। সোনার পদকটা খুব সুন্দর, চকচকে ও ভারী।’
এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পদকজয়ীর নির্ভরযোগ্য সর্বজনীন কোনো রেকর্ড নেই। তবে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার বুংগা নিয়ামাস ১২ বছর বয়সে মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে চীনের চুই চেনসি ১৩ বছর বয়সে মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জেতেন। এবার ১১ বছর বয়সে সোনা জিতে সেই তালিকায় নিজের নামও যুক্ত করলেন ইউকি কুরিহারা।

