রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এসব ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। এ সময় অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন।

