কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থানগুলোকে বিশেষভাবে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরাও অংশ নেন।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে আটক ৩৬৩ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

