আর্জেন্টিনার লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে বুয়েনস আইরেসে উৎসবের আমেজ ছাড়িয়েছে। এমন পরিবেশে ও বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু নিজের দায়িত্বে পুরোপুরি অটল থাকছেন। তিনি স্পষ্ট করেছেন যে, মেসিকে সম্মান জানাতে এলো হলেও তাকে কোনো গোল উপহার দিতে তারা আসেননি।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিদায়ী ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি।
মেসির মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দানজিনু বলেছেন, ‘আমি গোলরক্ষক এবং গোল আটকানোই আমার কাজ। ম্যাচের শেষ মুহূর্তেও যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় আর মেসি শট নিতে আসেন, আমি সেটা ঠেকানোরই চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘বিষয়টা খুবই সোজা, এটা ফুটবল। আমরা এখানে মেসিকে সম্মান জানাতে এসেছি ঠিকই, কিন্তু তাকে কোনো গোল উপহার দিতে হবে— এমন কথা কেউ আমাদের বলেনি। আর মেসিকেও কোনো কিছু উপহার দেওয়ার দরকার পড়ে না। গোল করতে হলে তাকে নিজের সেরাটা দিয়েই গোল করতে হবে।’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে দানজিনু দারুণ একটি সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমার কাছে এই ম্যাচ অন্য যেকোনো সাধারণ ম্যাচের মতো নয়। যেহেতু এটি মেসির শেষ ম্যাচ, তাই আমার মনে হয়, এটা জীবনে একবারই আসা এক সুযোগ। এটি বিশেষ একটি ম্যাচ। তবে আমরা এখানে আর্জেন্টিনা ও মেসির জন্য এসেছি ঠিকই, কিন্তু আমরা যে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছি— তা ভুলে গেলে চলবে না।’
দানজিনু আরও বলেন, ‘আমরা বেনিনের হয়ে খেলতে এসেছি। এটা তো ফুটবল, ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই। আমরা জিততে পারি, ম্যাচ ড্র হতে পারে কিংবা ওরাও জিততে পারে। আমরা কিন্তু আর্জেন্টিনায় পর্যটক হয়ে ঘুরে বেড়াতে আসিনি, এসেছি খেলতে আর প্রতিদ্বন্দ্বিতা করতে। আমাদের জীবনে এটি দারুণ একটি দিন হয়ে থাকবে।’

