আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে—আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে রাশেদ খান অভিযোগ করেন, ভারতের আশ্রয়-প্রশ্রয়ে দলটি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তাঁর দাবি, ওই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমিজমা দখল এবং মন্দিরে হামলার মতো ঘটনা ঘটেছে। বর্তমানে দলটি ভারতে অবস্থান করে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়েও কথা বলেন তিনি। তাঁর দাবি, অটোরিকশার কারণে ঢাকার যানজট বেড়েছে এবং নগরজীবন ব্যাহত হচ্ছে। সরকার অটোরিকশা চলাচলের জন্য নীতিমালা প্রণয়ন এবং ফুটপাত দখলমুক্ত করতে কাজ করছে। এ বিষয়ে জামায়াতে ইসলামী অটোরিকশাচালকদের আন্দোলনে নেপথ্য থেকে ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খান।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন।

