নওগাঁর সাপাহারে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়। সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার সবুজায়ন সম্প্রসারণ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, “জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংস্থাটি পরিকল্পিত বনায়নের কাজ করে আসছে। তালগাছ আবাসিক পাখির আবাসস্থল সংরক্ষণ, বংশবিস্তার এবং বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংস্থার সভাপতি ফাহাদ ফরহাদ ও সাধারণ সম্পাদক কারিম বলেন, “জবই বিলের সবুজ অভিযান অব্যাহত থাকবে।”
সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, “এ কর্মসূচির সুফল যেন পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমরা সরকারের সঙ্গে কাজ করছি। আমরা চাই, এ দেশ চিরসবুজময় সোনার বাংলাদেশ হয়ে উঠুক।”
সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “জবই বিলকে একটি পরিকল্পিত বিল হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।”
তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিব, ইমরান, খায়রুল কবির পলাশ, মাজহারুল ইসলামসহ সংস্থার অন্যান্য সহযোগী ও স্বেচ্ছাসেবীরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জবই বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও সবুজায়ন রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

