নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে ভূঁইগড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে ওই তরুণীকে হত্যার পর বস্তাবন্দি করে সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢালে একটি রহস্যজনক বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে তরুণীর মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ওই তরুণীকে এর আগেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর তরুণীর মরদেহ বস্তাবন্দি করে লিংক রোডের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

