২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আলেক খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য।
সোমবার (১২ অক্টোবর) কারাগার থেকে আবুল কালাম আজাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন আলেক খান। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
পরে চিকিৎসা শেষে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। ওই মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

