ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফ্যামিলি কার্ড খানা জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বালিয়াডাঙ্গী উপজেলা সমাজসেবা অফিসার রমজান আলী বলেন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও ফ্যামিলি কার্ডের আওতায় যাতে প্রকৃত সুবিধাভোগীরা অন্তর্ভুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে। বড়পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাধ্যমে এ জরিপ কাজ শুরু হলেও পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সুষ্ঠুভাবে এ শুমারি কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও শুভ। নির্বাচনের পূর্বে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ দেশের মানুষকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা কার্ড ও প্রবাসী কার্ড দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, আজ তারই অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের জরিপ কাজ শুরু হলো।
জরিপ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, জরিপ যেন শতভাগ নিরপেক্ষ ও নির্ভুল হয়। এখানে যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে। জরিপ কাজে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।” সমাজসেবা অফিসের নির্দেশনা মেনে সঠিকভাবে তালিকা প্রস্তুত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মীদের তাগিদ দেন।
উপজেলা সমাজসেবা অফিসার রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও জরিপকাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।

