লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ১২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাতের আঁধারে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফও।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ অক্টোবর ভোরে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে দুই নারী, আট পুরুষ ও দুই শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠান। পরে দিবাগত রাতে কাঁটাতারের গেট খুলে তাঁদের ফিরিয়ে নেয় বিএসএফ।
এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিজিবি একাধিকবার আহ্বান জানালেও বিএসএফ সাড়া দেয়নি বলে জানিয়েছে বিজিবি। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সহকারী পরিচালক কারিমুল ইসলাম বলেন, অবৈধভাবে পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিয়ম মেনে উপযুক্ত প্রমাণসহ নাগরিকদের ফেরত পাঠাতে বিএসএফকে বলা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

