ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (২৩ অক্টোবর) আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে একটি গোলের কৃতিত্ব পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। সৌদি প্রো লিগের হিসাব অনুযায়ী, এতে তার অফিশিয়াল ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২-এ। অর্থাৎ, ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর প্রয়োজন ১৮ গোল।
তবে গোলটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচের ৪৯তম মিনিটে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু বলের সঙ্গে তার মাথার স্পষ্ট সংযোগ হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে প্রবেশ করে। গোলের পর রোনালদো তার পরিচিত ‘সিউ’ উদ্যাপন করেন। সৌদি প্রো লিগ গোলটি তার নামেই নথিভুক্ত করেছে। তাদের হিসাবে, এটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮২তম গোল।
তবে ফুটবলের পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে। ফলে গোলটির কৃতিত্ব নিয়ে দুই পক্ষের হিসাবের পার্থক্য দেখা দিয়েছে। এই বিতর্কের কারণে রোনালদোর ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর হিসাবেও প্রভাব পড়তে পারে।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের গোল উদ্যাপনের একটি ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘চলো এগিয়ে যাই!’ গোলটির স্বীকৃতি নিয়ে বিতর্ক থাকলেও উদ্যাপনে তার মধ্যে সংশয়ের কোনো প্রকাশ দেখা যায়নি।

