মিরপুর টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৪৫ রানেই অলআউট হয় সফরকারী দল।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নাঈম। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট পেয়েছেন। শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই সামাল দেন। এর মধ্যে ১৬৪ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেন চন্দরপল।
তবে ৫৯তম ওভারে শরীফুল ইসলামের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ১৮২ বলে ৫৬ রান করেন তিনি।
চন্দরপলের বিদায়ের পর অধিনায়ক রোস্টন চেজকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন গ্রিভস। এ সময় নাঈমের বলে চেজের ক্যাচ নেওয়ার সুযোগ তৈরি হলেও শর্ট লেগে তা ধরতে পারেননি মুমিনুল হক।
তবে লাঞ্চের ঠিক আগে নাঈমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাস্টিন গ্রিভস। তার ব্যাট থেকে আসে ৪৬ রান। ফলে প্রথম সেশন শেষে ৬ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় সেশনে দ্রুত রান তোলার চেষ্টা করে সফরকারীরা। প্রথম ১৪ বলেই চারটি বাউন্ডারি হাঁকায় তারা। এর মধ্যে অভিষিক্ত জশুয়া বিশপ মারেন তিনটি চার। তবে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এতে ২৪০ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর নাঈমের বোলিং তোপে দ্রুত গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। একই ওভারে শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে দেন তিনি। পরে শেষ ব্যাটসম্যান জেইডেন সিলসকেও আউট করেন নাঈম। শেষ তিন উইকেট হারিয়ে মাত্র ৫ রান যোগ করতে পারে সফরকারীরা।

