হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও ১ উইকেটে হারতে হয়েছিল দলকে। তবে শনিবার (৩১ অক্টোবর) তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে এক ওভারেই ছয়টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শুধু তাই নয়, টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। অন্যদিকে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। ৬ বলে মাত্র ৭ রান করে দলীয় ৫২ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি।
সোহান নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫৪ রান করে থামেন তিনি।
ম্যাচের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার ব্ল্যাক সিম্পসনের বলে রীতিমতো ছক্কার ঝড় তোলেন সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ওই ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর নিয়ম অনুযায়ী তাকে ক্রিজ ছাড়তে হয়। পরের চার বলে টানা চারটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ইনিংসের শেষদিকে মাত্র ৬ বলে ২৬ রান করে বিদায় নেন মৃত্যুঞ্জয়। পরে আবারও ক্রিজে ফেরেন সোহান। অন্যদিকে অধিনায়ক আবু হায়দার রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

