চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে শুধু ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়েছে।
ফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। আর আইসিটি বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৪ সালের পর এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার এত কম। ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।
শনিবার সকাল ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
ফেল করা শিক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

