ফরিদপুরের নগরকান্দায় তুচ্ছ ঘটনা ও সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার(৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ও সুতারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগের দিন একটি মীমাংসিত সালিশকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সকাল থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের কারণ ও আহতের প্রকৃত সংখ্যা জানতে তদন্ত চলছে।

