নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে গ্যাস পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, কূপটির দুইটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে। ভোক্তা পর্যায়ে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সোমবার বিকেলে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, তেল বা কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি টেস্ট শেষে জানা যাবে।
এর আগে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেডের (বাপেক্স) নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ওপর ভিত্তি করে কূপটির খনন কার্যক্রম শুরু হয়। বাপেক্স জানিয়েছে, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খনন কাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন করা হয়।
কূপটির দুইটি জোনে গ্যাসের সন্ধান মিলেছে। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলন করা হবে।

