ফরিদপুরের সালথায় ধান মাড়াই মেশিনবাহী গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সালথা উপজেলার বাতাগ্রাম গ্রামের মজিদ মোল্যার ছেলে শাহিন মোল্যা (৪০) এবং নারানদিয়া গ্রামের মুসলিম ফকিরের ছেলে জাফর ফকির (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারপট্রি থেকে মাঝারদিয়াগামী একটি যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধান মাড়াই মেশিনবাহী একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে শাহিন মোল্যা ও জাফর ফকির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধান মাড়াই মেশিনবাহী গাড়িটি জব্দ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

