নেত্রকোনার দুর্গাপুরে পর্যটন শিল্পের সেবার মানোন্নয়ন এবং স্থানীয় যুবকদের কর্মক্ষম মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। এসব উদ্যোগের মধ্যে পর্যটন এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মাধ্যমে সরেজমিন যাচাইকরণের বিষয়টি অন্যতম।
এসব উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সুধীজন ও বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বণিক সমিতির সভাপতি রণজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, সাংবাদিক ওয়ালী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবির এবং যুবদল নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা শাহ আলম, যুবদল নেতা সম্রাট গনিসহ অন্যান্য নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাদের উন্মুক্ত আলোচনা ও পরামর্শের ভিত্তিতে আগামী শীত মৌসুমে বিজয়পুর সাদামাটি পর্যটন স্পটে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হোটেল-মোটেল এবং স্থানীয় পরিবহন ও ট্রাভেল সেবার মানোন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। উক্ত সভায় সচেতন নাগরিক, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ী, অটো-রিকশা/ভ্যান চালক, বাজার বণিক সমিতির সদস্য, জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
টেকসই পর্যটন নিশ্চিত করতে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সভায় তুলে ধরা হয়। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণে এই খাত দ্রুত সমৃদ্ধ হয়ে দেশের আয়ের একটি প্রধান উৎসে পরিণত হতে পারে। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

