কাজে যাওয়ার কথা বলে গত ৬ নভেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন কক্সবাজারের পেকুয়ার বদিউল আলম (৫৪)। ১১ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
পরিবার ও স্বজনেরা জানান, বদিউল আলম পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের চেপ্টামুড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গত ৬ নভেম্বর (শুক্রবার) বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। এতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার সময় বদিউলের পরনে ছিল কালো দাগযুক্ত শার্ট। সঙ্গে ছিল একটি ব্যাগ। তিনি চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়ায় কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন।
নিখোঁজ বদিউল আলমের বড় ছেলে মোহাম্মদ আরফাতুল ইসলাম বলেন, ‘সাধারণত কাজে গেলে বাবা পৌঁছেই আমাদের জানান এবং প্রতিদিনই যোগাযোগ করেন। তিন থেকে সাত দিনের মধ্যে বাড়ি ফিরে আসেন। কিন্তু এবার বের হওয়ার পর আর কোনো যোগাযোগ করেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাইনি। আজ ১১ দিন ধরে বাবা নিখোঁজ। আমার বাবাকে খুঁজে পেতে প্রশাসন ও সকলের সহযোগিতা কামনা করছি। ’
পেকুয়া থানার ডিউটি অফিসার লিটা বড়ুয়া বলেন, ‘নিখোঁজের ১১ দিন পর ((মঙ্গলবার, ১৭ নভেম্বর) তার ছেলে কর্তৃক সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। আমরা শীঘ্রই খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’
কেউ বদিউল আলমের সন্ধান পেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানলে ০১৬২৯৩৬৫৬৯৭ ও ০১৮৭৯৯৫৪০১২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

