কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি উপেক্ষা করে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এ সময় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও নিয়মিত বিরতিতে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন সেতু পারাপার হতে দেখা যায়।
পুলিশ ও পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৬ হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ২ হাজার ৪০০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৩১ লাখ ৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী ৩ হাজার ৬৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায়ের পরিমাণ ৫২ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর যান চলাচল ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কর্মসূচির কারণে সেতুতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।
এদিকে, সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে টানা দুই দিন ধরে তারা অবস্থান করছেন।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।
সাঈদ আহমেদ আসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সেতুর সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।
অন্যদিকে, পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো বাধা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

